
প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ৬:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৬, ৪:১১ পি.এম
মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ: প্রধান অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): নেত্রকোণার মদন উপজেলায় চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী (১১) ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১৪।
বুধবার (৬ মে) ভোর রাতে ময়মনসিংহের গৌরীপুর থানার সোনামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি নেত্রকোণার মদন উপজেলার হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার ছাত্রী। গত ২ অক্টোবর ২০২৫ তারিখে মাদ্রাসা ছুটির পর অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ মাহমুদী তাকে ঝাড়ু দেওয়ার কথা বলে নিজের কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হলে গত ১৮ এপ্রিল তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে পরীক্ষায় দেখা যায় শিশুটি ৭ মাসের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ২৩ এপ্রিল মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল বুধবার ভোর ৪:১৫ মিনিটে গৌরীপুরের সোনামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-১৪-এর মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত