
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রতাবপুরে আলোচিত শাহ আলম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে পৌর শহরের একটি হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রায়পুর গ্রামের বাসিন্দা মো. বদরুল আলম (উরফে তৈমুছ)-এর ছেলে মো. রেজাউল করিম।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে লক্ষ্য করে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হলেও ভয়ের কারণে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতেও সাহস পাননি বলে জানান তিনি। নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমের সামনে তুলে ধরছেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, গত ১৫ এপ্রিল প্রতাবপুরে হানিফ শাহ চিশতী (রহ.) মাজারের খাদেম শাহ আলমকে কুড়াল দিয়ে হত্যা করে স্থানীয় মিজান নামের এক ব্যক্তি। ঘটনার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি একজন সাক্ষী হিসেবেও রয়েছেন।
রেজাউল করিমের দাবি, এ ঘটনাকে পুঁজি করে একটি চক্র মামলা বাণিজ্য শুরু করেছে এবং নিরীহ মানুষকে জড়িয়ে হয়রানি করছে। একই সঙ্গে তার কাছেও চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মামলায় জড়ানো ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, গত ২৪ এপ্রিল শাহ আলম হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তার পিতা বদরুল আলমের ছবি ব্যবহার করে গলায় ফাঁসির দড়ি প্রদর্শন করা হয়, যা তাদের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে মিথ্যা মামলা, চাঁদাবাজি ও হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত