
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৮:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৬, ৪:৪৯ পি.এম
মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ দুই সহোদর ভাই গ্রেপ্তার

মাসুম মুন্সী, মুরাদনগর (কুমিল্লা): কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় তারু মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উত্তরপাড়া এলাকার বাসিন্দা তারু মিয়ার বড় ছেলে শাহ আলম (২১) এবং ছোট ছেলে শুক্কুর আলী (১৯)।
পুলিশ জানায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই আবদুল্লাহ আল মাসুদ, এসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়া ও এএসআই কাজী সুলতানসহ একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় তাদের বাড়ি থেকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং দুই ভাইকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তারা একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় এলাকাবাসী মাদক নির্মূলে প্রশাসনের নিয়মিত ও জোরালো অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কোনো ধরনের আপস করা হবে না।” পাশাপাশি মাদকের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত