
প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১২:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ৯:৫৫ পি.এম
মেয়ের জন্য পছন্দ করা পাত্রের সঙ্গেই উধাও মা, সঙ্গে দুই সন্তান

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-ত্রিবেণী গ্রামে পারিবারিক এক জটিল ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজের মেয়ের জন্য পছন্দ করা এক যুবকের সঙ্গে দুই সন্তানকে নিয়ে এক নারী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা চলছে। পরিবারের সদস্যদের দাবি, প্রায় ১৭ বছর আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা রিমি খাতুনের সঙ্গে চর-ত্রিবেণী গ্রামের বাসিন্দা রাসেদ আলীর বিয়ে হয়। পেশায় গাড়িচালক রাসেদ জীবিকার প্রয়োজনে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পার্বতীপুর গ্রামের মামুন হোসেন নামের এক যুবকের সঙ্গে রিমির পরিচয় হয়। শুরুতে সাধারণ যোগাযোগ থাকলেও পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ওই যুবক নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়েছিলেন বলেও পরিবার সূত্রে জানা গেছে।
পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন রিমি তার বড় মেয়ের বিয়ের জন্য ওই যুবককে উপযুক্ত পাত্র হিসেবে বিবেচনা করেন। তবে মেয়ের আপত্তি এবং মা ও ওই যুবকের অস্বাভাবিক ঘনিষ্ঠতা নিয়ে পরিবারের ভেতরে উত্তেজনা তৈরি হয়। পরিবার অভিযোগ করেছে, এ নিয়ে মানসিক চাপে পড়ে বড় মেয়ে আত্মহননের পথ বেছে নেয়।
এই ঘটনার পরও সংশ্লিষ্ট নারী ও ওই যুবকের যোগাযোগ বন্ধ হয়নি বলে দাবি পরিবারের। বরং তা আরও গভীর সম্পর্কে রূপ নেয়। বিষয়টি জানতে পেরে স্বামী রাসেদ আলী একাধিকবার সমাধানের চেষ্টা করলেও পরিস্থিতির উন্নতি হয়নি। এরই মধ্যে গত ২৭ এপ্রিল, স্বামী বাড়িতে না থাকার সময় দুই সন্তানকে সঙ্গে নিয়ে ওই যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান রিমি খাতুন। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পরিবার জানিয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে দুই শিশুর নিরাপত্তা নিয়ে।
এ বিষয়ে রাসেদ আলী শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি জানান, সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন তার প্রধান চিন্তা। পরিবারের পক্ষ থেকেও দ্রুত শিশু দুটিকে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।শলকুপা থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজদের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত