
নাগরিকভাবনা ডেস্ক: অফিস বা বাসাবাড়ির ভেতরে মোবাইল নেটওয়ার্কের দুর্বলতা কাটাতে ‘ই-জিএসএম’ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এর ফলে গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ঘরের ভেতরে কথা বলতে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হওয়া বা ধীরগতির ইন্টারনেটের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে দেশে সাড়ে ১৮ কোটি মোবাইল সংযোগ থাকলেও প্রান্তিক পর্যায়ে এবং ভবনের অভ্যন্তরে নেটওয়ার্কের মান নিয়ে অসন্তোষ রয়েছে।
এই সমস্যা সমাধানে রবি ও বাংলালিংক বিটিআরসির কাছে নির্দিষ্ট পরিমাণ তরঙ্গ চেয়ে আবেদন করেছে। বর্তমানে বিটিআরসি-র হাতে ৮.৪ মেগাহার্টজ তরঙ্গ রয়েছে। সেখান থেকে রবি ও বাংলালিংক ৩.৪ মেগাহার্টজ করে ব্যবহারের আগ্রহ দেখিয়েছে। তবে পার্শ্ববর্তী দেশের তরঙ্গ সীমানার সাথে কোনো সংঘাত সৃষ্টি হয় কি না, তা যাচাই করতে নিয়ন্ত্রক সংস্থা অপারেটর দুটিকে এক মাসের জন্য পরীক্ষামূলক ব্যবহারের অনুমতি দিয়েছে।
মোবাইল অপারেটররা জানিয়েছে, তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত আছে। এই তরঙ্গ পুরোদমে ব্যবহার শুরু হলে বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা এবং ভবনের ভেতরের নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী হবে। সীমান্ত ও প্রত্যন্ত অঞ্চলে এই ব্যান্ডের কার্যকারিতা পরীক্ষা করে দেখার পর বিটিআরসি চূড়ান্ত বরাদ্দের সিদ্ধান্ত নেবে। এতে করে গ্রাহকরা নির্বিঘ্নে কথা বলা এবং দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত