
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ১২:১১ পি.এম
যুবদল নেতা ফোরকান ‘হত্যা’ মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়া শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ফোরকান আলী ‘হত্যা’ মামলায় গ্রেফতার অব্যাহত রয়েছে। পুলিশ সোমবার রাতে উপজেলার চোপিনগর দক্ষিণপাড়া এলাকার আসামির বোনের বাড়ি থেকে তদন্তে পাওয়া আসামি উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক, চোপিনগর ইউনিয়ন পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান ও ২ নং ওয়ার্ডের মেম্বার মোল্লা আরিফ আজাদ পলাশকে (৪২) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোল্লা আরিফ আজাদ পলাশ উপজেলার চোপিনগর দক্ষিন পাড়া গ্রামের মৃত তোজাম্মেল হোসেন মোল্লার ছেলে।
উল্লেখ্য, যুবদল নেতা ফোরকান আলী (৪৭) শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ঘাসিড়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। ২০২৩ সালের ৩ ডিসেম্বর সকালে সাজাপুর এলাকায় সরকারি বিরোধী মিছিলে তার মৃত্যু হয়। খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী ফোরকানকে গুলি করে হত্যা করা হয়েছে এমন অভিযোগে গত বছরের ১ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০ জনের নাম উল্লেখ করে ৫৬০ জনকে আসামি করে আদালতে মামলা করেন। মামলাটিতে অস্ত্র আইন, হত্যাচেষ্টা, মারধর, বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ আনা হয়েছে। দল থেকে তাকে গুলি করে হত্যার অভিযোগ উঠলেও তার বাবা ও ভাই জানান, ফোরকান হামলা বা গুলিতে নয়; হৃদরোগে মারা গেছেন।
ফোরকানের বাবা মামলাটি প্রত্যাহার করতে আদালত ও পুলিশ সুপারকে চিঠি দেন। এছাড়া কবর থেকে ছেলের লাশ উত্তোলনেও বাধা দেন। তবে এ ‘হত্যা’ মামলায় গ্রেফতার অব্যাহত রয়েছে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, ফোরকান হত্যা মামলার তদন্তে যুবলীগ নেতা পলাশের নাম পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে উপজেলার চোপিনগর দক্ষিণপাড়া এলাকায় আসামির বোনের বাড়ি থেকে ৩ জুন সোমবার রাত ১ টায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত