
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১:৩১ পি.এম
রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের মতবিনিময়
![]()
সূর্য্য চক্রবর্তী, কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(বৃহস্পতিবার) ১৯ ফেব্রুয়ারি সকাল ১১ টায় কচুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসিফ হায়দার,প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম, জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ কচুয়া উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন, রাজনৈতিক নেতা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিন আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মাসে কৃত্রিম সংকট তৈরি না করা এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ওপর গুরুত্বারোপ করেন। প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা রাখা বাধ্যতামূলক। কোনো অবস্থাতেই পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা যাবে না এমন আলোচনা হয়। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। একই সাথে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করে ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের মানসিকতা পরিহার করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান বলেন,"রমজান মাসে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। কোনো ব্যবসায়ী যদি সিন্ডিকেট বা মজুতদারির মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই ব্যবসায়ী ও ভোক্তা উভয়ের সহযোগিতায় একটি স্থিতিশীল বাজার ব্যবস্থা বজায় থাকুক।
সভায় উপস্থিত ব্যবসায়ীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং পবিত্র রমজানে বাজার দর স্বাভাবিক রাখতে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত