
জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর কলেজ মোড়ে শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীদের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের একাধিক কর্মী গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হামলার সময় আশপাশের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক বৃদ্ধাকে অপমান করার ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। উপস্থিত স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু হঠাৎ করেই জামায়াতের এক কর্মীর ওপর হামলার ঘটনা ঘটলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিএনপির কিছু নেতাকর্মী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতের নিরস্ত্র কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অন্তত পাঁচজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে মোবারক হোসেন (৩৩), মোঃ জাকির হোসেন (২২), আব্দুল মালেক (৫৫) এবং আব্দুল জব্বার (৫২) উল্লেখযোগ্য। গুরুতর আহত আব্দুল মালেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত রংপুরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের অনেকেই মাথায় গুরুতর আঘাত, হাত ভাঙা এবং পায়ে ফ্র্যাকচারের মতো জখমে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, কয়েকজনের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।
ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, সংঘর্ষ চলাকালে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে মোবারক হোসেনের আতর ও টুপির দোকান, সাইফুল ইসলামের চায়ের দোকান এবং মোস্তাফিজুর রহমানের ফিড ও ভেটেরিনারি ওষুধের দোকান। ব্যবসায়ীরা জানান, হামলার সময় দোকানের মালামাল ভাঙচুর ও লুটপাটের কারণে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বিএনপির এক কর্মীর উগ্র আচরণের জের ধরেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পাশাপাশি দলের একাধিক নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগও উঠেছে, যা নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।
ঘটনার পর থেকে কাশিপুর কলেজ মোড় ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
আলাদা ক্যাপশন চাই
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত