রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে পাকিস্তানে তৈরি একটি সচল রিভলবার ও ৮ রাউন্ড গু*লিসহ আরাফাত হোসেন ওরফে কালা মানিক (৩১) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার হরিণাডাঙ্গা গ্রামে তাঁর বসতঘরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক আরাফাত হোসেন ওই গ্রামের মৃত নবাব আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় একটি কালো রঙের সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে কাঠের হাতলযুক্ত একটি বিদেশি সচল রিভলবার উদ্ধার করা হয়। অ*স্ত্রটির ব্যারেলে ইংরেজিতে ‘MADE IN PAKISTAN’ লেখা রয়েছে।
এ ছাড়া ঘটনাস্থল থেকে রিভলবারের ৮ রাউন্ড গুলি ও ‘Winstar’ ব্র্যান্ডের একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা গুলির মধ্যে পাঁচটি অ্যালুমিনিয়ামজাতীয় ধাতুর তৈরি এবং তিনটি পিতলের তৈরি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে আরাফাত হোসেন ওরফে কালা মানিকের বিরুদ্ধে পাংশা থানায় মামলা করেছেন। The Arms Act, 1878-এর ১৯(ক)/১৯(এফ) ধারায় মামলাটি করা হয়েছে।
পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটক যুবককে আদালতে পাঠানো হয়।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA