
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৬:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৬, ৭:৩০ পি.এম
রাজবাড়ীতে বহরপুর বাজারে পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে একটি পাটের টিনশেড গোডাউনে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০০ মণ পাটসহ পাশের তুলার মিল, গ্যাস সিলিন্ডার, কাপড়, মুদিখানাসহ ২১টি দোকান পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা।
অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের সদস্য সোহেল রান, মাহাফুজুর রহমান ও নুর আমিন ইমন আহত হয়েছেন। তারা বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে পাম্পের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লেগেছে, যা ক্ষতির পরিমাণ বাড়িয়েছে।
পাট ব্যবসায়ী মিলন সিকদার জানান, তার গোডাউনে ২০০ মণের বেশি পাট ছিল, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাটের গোডাউনের পাশে তুলার মিল থেকে আগুন ছড়িয়ে পড়েছে। আশপাশে পুকুর না থাকায় দূরের দুটি পুকুর থেকে পানি আনতে হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে। ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত