# রাজবাড়ীতে সকল সার সমবরাদ্দ ও উত্তোলনের  মৌখিক নিষেধাজ্ঞা জেলা প্রশাসকের কাছে  স্মারকলিপি প্রদান

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be/
- Published: 2026-11-29T19:47:29+06:00
- Author: Alamin NV

**রাজু আহমেদ, রাজবাড়ী**

Thank you for reading this post, don't forget to subscribe!

রাজবাড়ী জেলায়-২০২৬ সালের সার ডিলার নীতিমালার আলোকে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা 
অনুযায়ী বিএডিসি সার ডিলারদের অনুকূলে ডিসেম্বর মাসের ইউরিয়া সার সহ সকল সার সমবরাদ্দ
ও উত্তোলনের ওপর মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সার উত্তোলন নিশ্চিত করার দাবিতে মানববন্ধন
ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ঘন্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের
সামনে এ মানববন্ধন করেন বিএডিসি সার ডিলার এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখা। মানববন্ধন 
শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক আফরোজা পারভীন বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএডিসি রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা রফিকুল ইসলাম মিন্টু, আব্দুল
জলিল মন্ডল, হাজী আঃ মালেক বিশ্বাস, সভাপতি জাহিদুল আমিন ফিরোজ, সিনিয়র সহ-সভাপতি 
মোঃ আমিরুল ইসলাম পান্না, সহ-সভাপতি ফারুক হোসেন, মোঃ আলম, সাধারণ সম্পাদক হুমায়ন 
আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক সোহাগ,
মহিলা সম্পাদক শামীমা আক্তার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বিএডিসি রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ দাবি করে বলেন, কৃষি মন্ত্রণালয়ের
নীতিমালার আলোকে ডিসেম্বর ২০২৬ মাসে বিএডিসি সার ডিলারদের অনুকূলে ইউরিয়া ও নন-ইউরিয়াসহ
সকল সারের সমবরাদ্দ প্রদানের স্পষ্ট নিদর্শনা রয়েছে। সে অনুযায়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,
রাজবাড়ী থেকে গত ১৯/১১/২০২৬ তারিখে (স্মারক নং-১০৪০) ডিলারদের স্থায়ী জামানত, চুক্তিপত্র
সম্পাদন ও নিবন্ধন ফি জমাদানের জন্য চিঠি ইস্যু করা হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়
হলো, কোনোরকম সুনির্দিষ্ট কারণ ছাড়াই গত ২৩/১১/২০২৬ তারিখে (স্মারক নং-১০৫৩) অনিবার্য
কারণ দেখিয়ে সেই কার্যক্রম হঠাৎ স্থগিত করা হয়েছে এবং আমাদের সার উত্তোলনের ওপর মৌখিক
নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে।

প্রশাসনের এমন আকস্মিক সিদ্ধান্তে ডিলাররা যেমন চরম অনিশ্চয়তা ও ক্ষতির সম্মুখীন হচ্ছেন,
তেমনি ভরা মৌসুমে কৃষকদের মাঝে সার সরবরাহ ব্যাহত হওয়ার মারাত্মক আশঙ্কা তৈরি হয়েছে।

আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান ও কৃষি মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন সচিব মহোদয়ের 
প্রণীত নীতিমালার সঠিক বাস্তবায়নের স্বার্থে গত ২৩ নভেম্বরের স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার
করা হোক। একইসাথে ১৯ নভেম্বরের চিঠি অনুযায়ী দ্রুত চুক্তিপত্র সম্পাদন এবং সার উত্তোলনের
ওপর থেকে মৌখিক নিষেধাজ্ঞা তুলে নিয়ে ডিসেম্বর মাসের বরাদ্দকৃত সকল সার উত্তোলনের ব্যবস্থা
নিশ্চিত করার দাবি জানান।

তারা আরো বলেন, আমরা বিশ্বাস করি, বর্তমান কৃষিবান্ধব সরকার ও প্রশাসন আমাদের এই ন্যায্য
দাবি মেনে নিয়ে দেশের কৃষি উৎপাদন অব্যাহত রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
