
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ২:২১ পি.এম
আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত

রাজশাহীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন চার্চ ও খ্রিস্টান অধ্যুষিত এলাকায় উৎসবের আবহ ছড়িয়ে পড়ে।
এ উপলক্ষে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকার চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনায় দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং বিশ্বের সকল মানুষের কল্যাণ কামনা করা হয়। একইসঙ্গে সিটি চার্চসহ নগরীর অন্যান্য গির্জায় যিশু খ্রিস্টের জন্মদিন স্মরণে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে।
বড়দিনকে ঘিরে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোও উৎসবমুখর হয়ে উঠেছে। ঘরবাড়ি সাজানো, ধর্মীয় সংগীত পরিবেশন এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি পালন করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন।
ডিঙ্গাডোবায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ড. মো. জিললুর রহমান, রাজশাহী বিভাগীয় ধর্মপ্রদেশের প্রধান বিশপসহ মহানগর ও জেলার বিভিন্ন গির্জার প্রধানরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সার্বজনীন প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর চার্চগুলোতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত