
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৩:৫০ পি.এম
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের শ্রদ্ধাঞ্জলি
![]()
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: যথাযোগ্য মর্যাদা, শোক ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে রাজশাহীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নগরজুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে।
শনিবার বেলা ১১টার দিকে নগরীর রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তাঁর সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা শহীদদের স্মরণে কিছু সময় নীরবতা পালন করেন এবং ভাষা আন্দোলনের ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মনোজ কুমার বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতি ভারত ও বাংলাদেশের মানুষের আবেগ, ঐতিহ্য ও আত্মপরিচয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দুই দেশের মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ভাষা ও সংস্কৃতিকে লালন করে আসছে। তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনা কেবল একটি দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; এটি বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদা রক্ষার এক অনন্য উদাহরণ।
তিনি আরও উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে এ সম্পর্ক ভবিষ্যতেও আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভাষা ও সংস্কৃতির এই মেলবন্ধন দুই দেশের মানুষের মধ্যে অকৃত্রিম ভালোবাসা ও আস্থার সেতুবন্ধ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
দিবসটি উপলক্ষে ভোর থেকেই শহীদ মিনারে মানুষের ঢল নামে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ প্রভাতফেরিতে অংশ নেন। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রদ্ধা, স্মরণ ও সম্প্রীতির আবহে রাজশাহীতে পালিত এ দিনের কর্মসূচিগুলো ভাষা আন্দোলনের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা ধারণ করে ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত