
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৫:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৬, ১:৫২ পি.এম
রাজশাহীতে র্যাবের অভিযানে ১২ পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার, নির্বাচন ঘিরে নাশকতার আশঙ্কা
![]()
র্যাব প্রতিষ্ঠার পর থেকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী, ছিনতাইকারীসহ আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে র্যাব মাঠপর্যায়ে কার্যক্রম অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নাশকতামূলক সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫।
র্যাব সূত্রে জানা গেছে, সিপিএসসি, র্যাব-৫ এর একটি দল ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ৪৫ মিনিটে রাজশাহী মহানগরীর চন্দ্রীমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি নির্দিষ্ট স্থান থেকে ১২টি পেট্রোলবোমা এবং ১৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উদ্ধার করা পেট্রোলবোমা ও ককটেল চন্দ্রীমা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-কে বাধাগ্রস্ত করা অথবা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব পেট্রোলবোমা ও ককটেল মজুদ করে রাখা হতে পারে।
এ ঘটনায় কারা জড়িত এবং কারা এই নাশকতা পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত—তা শনাক্ত করতে র্যাব-৫ এর গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত