
প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৬, ১:৩৯ পি.এম
বাগমারায় র্যাবের অভিযান অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীর বাগমারা উপজেলায় র্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ১২৬০ বোতল অ্যালকোহল স্থানীয়ভাবে মাদক হিসেবে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিষ্ঠার পর থেকেই বাহিনীটি সন্ত্রাস, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং অপরাধীদের আইনের আওতায় আনছে। এরই অংশ হিসেবে গত ০২ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত প্রায় ১১টার দিকে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মোঃ আমিনুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বাগমারা উপজেলার ধানগাছি গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে তা বাগমারা ও আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তিনি আরও জানান, উদ্ধার হওয়া অ্যালকোহল বিক্রির উদ্দেশ্যেই নিজের দখলে রেখেছিলেন। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত অ্যালকোহল সম্পূর্ণ অবৈধ এবং তা বাজারজাতের প্রস্তুতি চলছিল। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে রাজশাহীর বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত