
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৫:০২ পি.এম
র্যাবের অভিযানে বিদেশি পিস্তল, গুলি, অস্ত্র উদ্ধার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজশাহীর তানোর থানা এলাকায় পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব-৫।
র্যাব সূত্রে জানা যায়, ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ভোর ১টা ৪০ মিনিট পর্যন্ত র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে একযোগে পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চুনিয়াপাড়া গ্রামের এন্তাজ আলীর বসতবাড়ির পশ্চিম পাশে গরু রাখার গোয়ালঘরের পেছনে রান্নার কাজে ব্যবহৃত লাকড়ির নিচ থেকে একটি অস্ত্রের সন্ধান পাওয়া যায়। একই সময়ে একই এলাকার আব্দুস সোবাহানের বসতবাড়ির উত্তর পাশে খড়ি রাখার ঘরের খড়ের নিচে এবং জয়নাল নামের এক ব্যক্তির বসতবাড়ির উত্তর পাশের খড়ি রাখার ঘরের নিচেও অভিযান চালিয়ে আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাবের অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—একটি কাঠের হাতলযুক্ত বিদেশি পিস্তল, যার গায়ে ইংরেজিতে “MADE IN USA 7.0-5 MM” লেখা রয়েছে। এছাড়াও দুটি সিলভার রঙের খালি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, বারোটি শর্টগানের গুলি, চারটি পাইপগান এবং ছয়টি চিকন পাইপসহ বিভিন্ন ধরনের অস্ত্রের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পর র্যাব সদস্যরা স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করেন। তবে স্থানীয়রা উদ্ধার হওয়া পিস্তল ও গুলির মালিকানা কিংবা এগুলো কারা সেখানে রেখেছে—সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদেও সংশ্লিষ্ট কেউ অস্ত্রগুলোর উৎস বা মালিক সম্পর্কে কিছু জানাতে পারেনি বলে জানায় র্যাব।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না—সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
পরবর্তীতে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল, গুলি, পাইপগান ও অন্যান্য অস্ত্রের খুচরা যন্ত্রাংশ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে রাজশাহী জেলার তানোর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও অপরাধীচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত