
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৭:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ১১:৩৪ এ.এম
র্যাবের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ একজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর সিপিএসসি ইউনিট।
র্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক পাচার, অস্ত্র উদ্ধার, ছিনতাইসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ০০ মিনিটে র্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মো. রবিউল ইসলাম ওরফে রবি (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. আহম্মদ আলীর ছেলে। অভিযান চলাকালে তার দেহ তল্লাশি করে মোট ৪০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা তিনি বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলে র্যাব জানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, ধৃত রবিউল ইসলাম এলাকায় সক্রিয় একটি মাদক চক্রের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে সরবরাহ করে আসছিলেন।
র্যাব আরও জানায়, মাদক কারবারের সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত