
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৯:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৩:৩৪ পি.এম
র্যাবের অভিযানে মাদক কারবারি গ্রেফতার
অপু দাস: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার শুরু থেকেই অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, মাদক পাচার, ভেজাল পণ্য, চোরাচালান ও সংঘবদ্ধ অপরাধ দমনে র্যাব নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-৫, রাজশাহী সদা তৎপর রয়েছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার এলাকার চৈতী মার্কেট সংলগ্ন নাটোর-রাজশাহী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে।
এসময় নাটোর থেকে রাজশাহীগামী একটি কার্গো ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: যশোর-ট-১১-৪৭০৫) সন্দেহভাজন হিসেবে থামানো হয়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে লবণ পরিবহনের আড়ালে কৌশলে লুকানো অবস্থায় ১২৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এছাড়াও অভিযানে ট্রাক থেকে ১৩ হাজার কেজি লবণ এবং নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাকচালক মোঃ হাসানুর রহমান (৩৫), পিতা- মৃত মিজানুর রহমান, মাতা- মোছাঃ রাশিদা খাতুন, সাং- মাঝেরপাড়া, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা’কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করে যে, উদ্ধারকৃত গাঁজা সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল। সে আরও জানায়, দীর্ঘদিন ধরে সে বিভিন্ন কৌশলে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
র্যাব সূত্র জানায়, এই মাদক পাচারের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান ও তদন্ত চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
ঘটনার পর গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামত আইনানুগ প্রক্রিয়ায় আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
র্যাব-৫ কর্তৃপক্ষ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক কারবারিদের নির্মূল করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত