
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৩:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ১:২৮ পি.এম
লক্ষ্মণ জুট মিলে শ্রমিকদের বিক্ষোভ: বেতন-বোনাস বঞ্চনা,

লক্ষ্মণ জুট মিলে শ্রমিকদের বিক্ষোভ: বেতন-বোনাস বঞ্চনা, অতিরিক্ত শ্রম, নিরাপত্তাহীনতার অভিযোগ কর্মবিরতি ও মানববন্ধনে সরব শ্রমিকরা, কর্তৃপক্ষের 'নীরবতা' প্রশ্নবিদ্ধ
কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের লক্ষ্মণ জুট মিলের বিরুদ্ধে নানা অনিয়ম ও শ্রমিক নির্যাতনের অভিযোগ তুলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছেন সাধারণ শ্রমিক-কর্মচারীরা।
সোমবার সকাল থেকেই মিল চত্বরে জড়ো হয়ে শ্রমিকরা একযোগে এসব কর্মসূচিতে অংশ নেন। তাদের হাতে ছিলো নানা প্রতিবাদী স্লোগানে লেখা ব্যানার ও ফেস্টুন।
বিনা নোটিশে ছাঁটাই,কর্মঘণ্টার অতিরিক্ত ডিউটি,অসদাচরণ ও শারীরিক-মানসিক নিরাপত্তাহীনতা,স্বাস্থ্যঝুঁকির মধ্যে কাজ,বার্ষিক ইনক্রিমেন্ট ও মেডিকেল সুবিধা না থাকা,ন্যূনতম মজুরি ও বেতন-বোনাস বঞ্চনা,সরকারি ছুটির দিনেও অফিস খোলা রাখা
একজন অভিযোগকারী কর্মকর্তা ইমরান হোসেন বলেন, "নিয়মিতভাবে বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে, যা শ্রম আইনের লঙ্ঘন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।"
এক নারী কর্মকর্তা জানান, "৮ ঘণ্টার পরিবর্তে ১০ ঘণ্টার বেশি কাজ করানো হলেও কোনো ওভারটাইম সুবিধা দেওয়া হয় না।" অন্য এক নারী শ্রমিক বলেন, "চাকরিতে যোগদানের সময় যে বেতনের কথা বলা হয়, বাস্তবে সেই অর্থ দেয়া হয় না।" শ্রমিকদের দাবি—তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। এই বিষয়ে লক্ষ্মণ জুট মিলের চেয়ারম্যান সৌরভ ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে বলেন, “আমি এখন রেস্টে আছি, সকালবেলা অফিসে এসে সামনাসামনি কথা বলেন।” এই অবস্থানে শ্রমিকরা প্রশ্ন তুলছেন, বারবার অভিযোগ ওঠার পরও কর্তৃপক্ষের এ ধরনের নিষ্ক্রিয়তা কি ইচ্ছাকৃত অবহেলা নয়?
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত