
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৫:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৫, ৬:০৬ পি.এম
লক্ষ্মীপুরে কৃষকের ওপর হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক কৃষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ কেরোয়ার বাসিন্দা অসহায় কৃষক কবির হোসেন (৪৫) এলাকার খোলা বন্যার পানি ব্যবহার করে কৃষিকাজ চালিয়ে আসছিলেন। এই নিয়ে স্থানীয় ৬ নম্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবদুর রহিম (৬০) তার কাছে সেচ ও হালচাষ বাবদ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন।
ভুক্তভোগী কবির হোসেন জানান, টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ৯ জুন ২০২৫, দুপুর ১২টার দিকে বিডিআর শফি উল্যা সড়কের পাশে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় তার মোবাইল ফোন ভাঙচুর করা হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে আহত অবস্থায় কবির হোসেনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তবে অভিযুক্ত আবদুর রহিম তার বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। এটি আমার সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র। আমি কারো উপর হামলা করিনি, এমনকি কারো কাছে কোনো অর্থও দাবি করিনি।”
এ প্রসঙ্গে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত