
ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) : মাগুরা-২ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোয়াজ্জেম হোসেন। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে তিনি মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলের সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আহাদ ও শহীদ সুমনের মা প্রতীকীভাবে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিপুলসংখ্যক সমর্থক। পুরো পরিবেশ ছিল আবেগঘন ও উৎসবমুখর।
মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোয়াজ্জেম হোসেন বলেন,
“আমি সবসময় দল-মতের ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছি। মাগুরা-২ আসনের মানুষের ন্যায্য অধিকার ও প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
উল্লেখ্য, মোয়াজ্জেম হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক। এছাড়া তিনি সাবেক স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সহকারী সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেওয়াকে তিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতীক হিসেবে উল্লেখ করেন।
এদিকে স্থানীয়দের মধ্যে তার প্রার্থিতা নিয়ে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক আলোচনা লক্ষ্য করা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাগুরা-২ আসনে মোয়াজ্জেম হোসেনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ এবারের নির্বাচনী রাজনীতিতে নতুন গতি ও ভিন্ন মাত্রা যোগ করেছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত