প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:১২ এ.এম
শাজাহানপুরে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে প্রবাসীসহ নিহত-২, আহত-৭

আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিদেশ ফেরত এক প্রবাসীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও সাতজন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে বিদেশ ফেরত যাত্রী জুবাইদুল ইসলাম (৩০) এবং একই উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত জুবাইদুল ইসলামকে নিয়ে তাঁর স্বজনরা একটি হাইস মাইক্রোবাসযোগে জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি ভুলবশত মহাসড়কের বিপরীত লেনে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক ফেরদৌস ও যাত্রী জুবাইদুল নিহত হন।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীরা আহত সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি শনাক্ত করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA