প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৯:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৬, ১:১২ পি.এম
শিশুকন্যাকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ মায়ের

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন লাকি আক্তার (৩০) নামে এক নারী। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে দুজনই নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লাকি আক্তার তার পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে ফেরিঘাট এলাকায় যান। একপর্যায়ে তিনি শিশুকন্যাকে সঙ্গে নিয়েই সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান চালিয়ে মা ও মেয়েকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। কিছুদিন আগে তিনি স্বামীকে তালাক দেন। এরপর মেয়েকে নিজের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। এসব কারণে মানসিকভাবে ভেঙে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA