# শ্রমিকপক্ষের সংশোধিত মজুরি প্রস্তাব ২২,০০০, মালিকেরা দিতে চান ১৫,৮০০ টাকা

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%9c%e0%a7%81/
- Published: 2026-11-24T11:23:24+06:00
- Author: Sankar Roy

**নিজস্ব প্রতিবেদক:**    তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম ১৫ হাজার ৮০০ টাকা
মজুরি প্রস্তাব করেছে এই শিল্পের মালিকপক্ষ। গতকাল সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয়
সভায় কয়েক ঘণ্টা আলোচনার পর দুই দফায় সংশোধনের পর মালিকপক্ষ এই প্রস্তাব করেছে। যদিও
সভার শুরুতে মালিকপক্ষ মজুরি প্রস্তাব করেছিল ১৫ হাজার টাকা। এর আগে মজুরি বোর্ডের 
দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে তাদের প্রস্তাব জমা 
দেয়। গতকালের সভায় শ্রমিকপক্ষের প্রস্তাবও সংশোধন করা হয়েছে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত
ছাড়া গতকালের সভাটি মুলতবি হয়। মুলতবি এই সভা আজ মঙ্গলবার বেলা ২টায় আবার শুরু হবে।

মজুরি বোর্ড, পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও একাধিক শ্রমিক নেতার সঙ্গে কথা
বলে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গতকালের সভায় দীর্ঘ আলোচনার পর মালিক
ও শ্রমিকপক্ষ উভয়েই তাদের প্রস্তাবিত মজুরি একাধিক দফায় সংশোধন করে। তাতে সর্বশেষ শ্রমিকপক্ষের
প্রস্তাবিত ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা। তার বিপরীতে মালিকপক্ষ প্রস্তাব করে ১৫ হাজার
৮০০ টাকা।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে গতকালও গাজীপুর ও সাভারে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।
তাতে গাজীপুর এলাকার প্রায় ৫৫টি কারখানার উৎপাদন বন্ধ ছিল।

পোশাকশিল্প খাতের মজুরি নির্ধারণে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয়
সভাটি শুরু হয় গতকাল পৌনে ১২টায়। কয়েক দফা বিরতি দিয়ে এই সভা চলে রাত সাড়ে আটটা পর্যন্ত
প্রায় ৮ ঘণ্টা ৪৫ মিনিট। তাতেও মজুরির সিদ্ধান্তে একমত হতে পারেননি কোনো পক্ষ। এ কারণে
আরও অধিকতর আলোচনার জন্য সভাটি মুলতবি করা হয়। আজ মঙ্গলবার বেলা দুইটায় মুলতবি হওয়া
এই সভা আবার বসবে বলে মজুরি বোর্ড সূত্রে জানা যায়।

> মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, সেটি আমরা এখনই প্রকাশ করব না। কারণ, শেষ পর্যন্ত 
> বোর্ড যে মজুরি সুপারিশ করবে এবং সরকার যা নির্ধারণ করবে, মালিকপক্ষ সেটিই বাস্তবায়ন
> করবে।—সৈয়দ আজাদ সুবহানি, চেয়ারম্যান, নিম্নতম মজুরি বোর্ড

মজুরি বোর্ড সূত্রে জানা যায়, রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বোর্ডের
নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের
প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী
প্রতিনিধি আসিফ আইয়ুব। এ ছাড়া মালিকপক্ষ থেকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও 
বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম গতকালের
সভায় মালিক ও শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন।

![গতকাল সোমবার  নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।](https://i0.wp.com/
media.prothomalo.com/prothomalo-bangla%2F2026-11-24%2Fr0zbe80n%2FWhatsApp_Image_2026_11_24_at_9_40_29_AM.
jpeg?ssl=1)

_গতকাল সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।_

সভা সূত্রে জানা যায়, দীর্ঘ আলোচনার একপর্যায়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষ সংশোধিত 
মজুরি প্রস্তাব জমা দিতে রাজি হন। তারই অংশ হিসেবে সন্ধ্যার পর দুই দফায় সংশোধন করে
শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকার পরিবর্তে ২২ হাজার টাকার ন্যূনতম
মজুরির প্রস্তাব দেন। আর মালিকপক্ষও দুই দফায় তাদের প্রস্তাবিত মজুরি সংশোধন করে শেষ
পর্যন্ত ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করে।

> মালিকপক্ষ সব সময় একটু কম প্রস্তাব দিয়েই শুরু করে। মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে,
> সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। একইভাবে মালিকপক্ষ আমাদের প্রস্তাবও গ্রহণ
> করেনি। —বাবুল আখতার, শ্রমিকপক্ষের প্রতিনিধি, নিম্নতম মজুরি বোর্ড

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকেরা আন্দোলন শুরুর পর গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম
মজুরি বোর্ড গঠন করে সরকার। প্রথম সভা হয় ৪ নভেম্বর। আর ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের
দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক মজুরি প্রস্তাব জমা দেয়। গত ১৬ নভেম্বর বোর্ডের
তৃতীয় সভার তারিখ ধার্য ছিল। সেই সভায় মালিকপক্ষের প্রস্তাব জমার কথা ছিল। কিন্তু সভার
কয়েক ঘণ্টা আগে তা স্থগিত হয়ে যায়। স্থগিত সেই সভাটি গতকাল অনুষ্ঠিত হয়েছে।

সভার আলোচনার বিরতিতে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সোবহানি গতকাল পৌনে পাঁচটায়
বোর্ডের অন্য সদস্যদের নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় মালিকেরা কত মজুরি প্রস্তাব
করেছেন, তা জানতে চান সাংবাদিকেরা। তবে তিনি তা জানাতে অপারগতা প্রকাশ করেন। এ সময় 
মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘মালিকপক্ষ তাদের প্রস্তাব দিয়েছে। তার ওপর আলোচনা
চলছে এবং আমরা এই পর্যন্ত দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ছোট, বড়, মাঝারি যেসব শিল্পকারখানা
পরিদর্শনে যেসব তথ্য-উপাত্ত পেয়েছি, সেগুলোও উপস্থাপন করা হয়েছে। সেগুলো নিয়ে যুক্তিতর্ক
চলছে।’

মজুরি বোর্ডের চেয়ারম্যান এ সময় আরও বলেন, ‘আজকের (গতকাল) সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত
হয়েছে, মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, সেটি আমরা এখনই প্রকাশ করব না। কারণ, শেষ পর্যন্ত
বোর্ড যে মজুরি সুপারিশ করবে এবং সরকার যা নির্ধারণ করবে, মালিকপক্ষ সেটিই বাস্তবায়ন
করবে।’

মজুরি নির্ধারণের কোন কোন বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে—জানতে চাইলে ব্রিফিংয়ে বোর্ড
চেয়ারম্যান বলেন, ‘আমরা মূল্যস্ফীতি, শ্রমিকদের ওপর কতজন নির্ভরশীল, মালিকদের সক্ষমতা
কী, বিশেষ করে ছোট শিল্পগুলোর কী অবস্থা, মাঝারি শিল্পগুলোর কী অবস্থা, বিশ্ববাজারে
আমাদের প্রতিযোগিতার অবস্থান কোথায় দাঁড়াবে ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে আলোচনা করছি।’

ব্রিফিংয়ে মালিকপক্ষের প্রস্তাব নিয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, ‘
মালিকপক্ষ সব সময় একটু কম প্রস্তাব দিয়েই শুরু করে। মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে,
সেটি আমাদের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি। একইভাবে মালিকপক্ষ আমাদের প্রস্তাবও
গ্রহণ করেনি। এখন আমরা আমাদের সিনিয়র শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে, সংশোধিত প্রস্তাব
দেব। আশা করি, মালিকপক্ষের প্রতিনিধিও সংশোধিত প্রস্তাব দেবে।’

শ্রমিকদের আন্দোলন নিয়ে বাবুল আখতার বলেন, ‘চলতি মাসের নভেম্বর মাসের ১ তারিখ বা তার
আগে থেকেই এ আন্দোলন চলছে। আমরা মনে করি, মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত
শ্রমিকেরা এই আন্দোলন চালিয়ে যেতে চাইছে।’ তাই তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা
কাজে ফিরুন, উৎপাদন অব্যাহত রাখুন।’

ব্রিফিংয়ে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান বলেন, ‘একটি হাঁস প্রতিদিন একটি
করে সোনার ডিম দেয়। হাঁস যখন অসুস্থ হয়ে যায় তখনো কি আপনি প্রতিদিন একটা সোনার ডিম
আশা করতে পারেন? আমার এটুকুই বক্তব্য।’

## শ্রমিক বিক্ষোভ

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি
এলাকায় এদিন সকালে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করেন। পরে শ্রমিকেরা
মহাসড়কের পাশের বিভিন্ন সংযোগ সড়কে চলে যান। এ সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিচ্ছিন্নভাবে
শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। আমরা তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে
রয়েছে।’

এ ছাড়া সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের কারণে গতকাল ৩৩টি কারখানা ছুটি ঘোষণা করেছে
কর্তৃপক্ষ। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় এ এলাকার ২২টি কারখানা বন্ধ আছে।
গতকাল সকালে নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভকারীদের সড়কে অবস্থান ও ইটপাটকেল নিক্ষেপের
ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন। সকাল সোয়া ৯টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর
এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন একদল বিক্ষোভকারী। এ সময় তাঁরা একটি বাস লক্ষ্য
করে ইটপাটকেল নিক্ষেপ করেন। আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়েন। পরে
পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ
করে।

শিল্প পুলিশের তথ্যমতে, আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাই
এলাকায় বিভিন্ন খাতের মোট কারখানা আছে ১ হাজার ৭২৩টি। এর মধ্যে তৈরি পোশাক কারখানা 
৭৩৬টি।
