
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৪:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১:৫৮ পি.এম
সংসদে মহম্মদপুরের তিন মুখ, বাড়ছে প্রত্যাশা

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা): মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনে এখন উৎসবের আবহ। জাতীয় সংসদের রাজনীতিতে মেধা, বাগ্মিতা ও অভিজ্ঞতা দিয়ে দেশজুড়ে আলোচনায় আসতে প্রস্তুত এই উপজেলার তিন কৃতি সন্তান— এড্যাঃ নিতাই রায় চৌধুরী,
এড্যাঃ নেওয়াজ হালিমা আরলি এবং এড্যাঃ নিপুন রায় চৌধুরী।
একই উপজেলা থেকে উঠে আসা এই তিন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের সংসদীয় সক্রিয়তা নিয়ে জনমনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা।
অভিজ্ঞতার বাতিঘর: নিতাই রায় চৌধুরী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এড্যাঃ নিতাই রায় চৌধুরী দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে প্রজ্ঞা ও অভিজ্ঞতার পরিচয় দিয়ে আসছেন। আইন পেশায় দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে মহম্মদপুরবাসীর হৃদয়ে বিশেষ স্থান দিয়েছে। সংসদে তার বলিষ্ঠ কণ্ঠস্বর আবারও আলোচনায়।
নারী নেতৃত্বের দৃঢ় উপস্থিতি: নেওয়াজ হালিমা আরলি
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড্যাঃ নেওয়াজ হালিমা আরলি বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি। রাজপথের আন্দোলন থেকে সংসদের বিতর্ক—সবখানেই তার সক্রিয় ও যৌক্তিক উপস্থিতি নারী নেতৃত্বের সক্ষমতার শক্ত বার্তা দেয়। এলাকার উন্নয়ন নিয়ে তার অঙ্গীকার স্থানীয়দের জন্য বড় আশার জায়গা।
নতুন প্রজন্মের কণ্ঠ: নিপুন রায় চৌধুরী
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড্যাঃ নিপুন রায় চৌধুরী ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি নিজের সাহসী অবস্থান, স্পষ্টবাদিতা ও সাংগঠনিক দক্ষতায় তিনি ইতোমধ্যেই আলাদা পরিচিতি গড়েছেন। সংসদীয় কার্যক্রমে তার সক্রিয়তা নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকে।
এলাকার সাধারণ মানুষের মতে, একই উপজেলা থেকে তিনজন প্রভাবশালী নেতার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব পাওয়া মহম্মদপুরের জন্য বিরল গৌরবের বিষয়। মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার ক্ষমতা এবং এলাকার প্রতি দায়বদ্ধতা তাদের জনপ্রিয়তার মূল কারণ।
স্থানীয় বিশ্লেষকদের ধারণা, সংসদীয় গণতন্ত্রে মহম্মদপুরের এই তিন কৃতি সন্তানের ভূমিকা শুধু এই অঞ্চল নয়, বরং দেশের রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত