
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৩:২৬ পি.এম
সকালে মিললো সভাপতি’র লাশ

মোহাম্মদ ইউনুস শিকদার টগবগে এক রাজনৈতিক ব্যক্তিত্ব। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কক্সবাজারের টেকনাফ উপজেলা শাখার সভাপতি তিনি। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে সংগঠনের সাধারণ সম্পাদকের ডাকে তার বাড়িতে আমন্ত্রণ গিয়েছিলেন।কিন্তু কে জানতো এটি তার শেষ দাওয়াত!সকালে মিলেছে লাশ।দাওয়াতই কি তার মৃত্যুর দিকে ধাবিত করেছিল? এমনটাই দাবী পুলিশ ও নিহতের স্বজনদের। বুধবার সকাল ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার একটি ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর।নিহত মোহাম্মদ ইউনুস সিকদার টেকনাফের সাবরাং ইউনিয়নের চান্দলিপাড়ার মৃত হাজী মোহাম্মদ কাসেমের ছেলে। তিনি সাবরাং ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি।ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, ব্রিজের নীচে পানিতে ভাসমান অবস্থায় একজন পুরুষের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানি থেকে উপরে তুলে সনাক্ত করে নিহতের নাম মোহাম্মদ ইউনুস সিকদার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গ পাঠিয়েছে।ওসি জানান, নিহতের স্বজন, এলাকার লোকজন এবং রাজনৈতিক নেতাদের দেয়া বক্তব্য মতে কোনো ধরনের লেনদেন সংক্রান্ত পাওনা টাকা আদায়ের জন্য এই হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আরও তথ্য অনুসন্ধান, জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতার প্রচেষ্টা এবং অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে।টেকনাফ পৌর বিএনপি যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস সিকদার কমিটির কথা বলে রঙ্গিখালী মো.আলম সবুর মিয়ার আমন্ত্রণে মঙ্গলবার রাতে ওখানে যান। সবুর মিয়া সংগঠনের সাধারণ সম্পাদক। এরপর পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ ব্রিজের নিচের ফেলে দেয়া হয়। ঘটনার পর সবুর মিয়া পলাতক রয়েছে।
ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, পাওনা টাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে কি লেনদেনের টাকা জানা যায়নি। যাদের নাম বলা হচ্ছে তাদের ধরতে চেষ্টা চলছে। নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত