
জবি প্রতিনিধি: কমিটি প্রকাশের ৩৩ দিন পর অবশেষে বিশাল মিছিলসহ ক্যাম্পাসে প্রবেশ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক কমিটি।
আজ রবিবার সংগঠনের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ সাবেক ও বর্তমান নেতাকর্মীরা একসাথে ক্যাম্পাসে প্রবেশ করেন।
এত দিন পদকেন্দ্রিক বিভিন্ন দ্বন্দ্বের কারণে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ক্যাম্পাসে প্রবেশ করেনি। তবে এবার সব ভেদাভেদ ভুলে একসাথে দেশের এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছে শাখা ছাত্রদল।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা জানান, ছাত্রদের অধিকার আদায়, শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং দেশের সমৃদ্ধির জন্য এক হয়ে কাজ করতে চায় ছাত্রদল। দেশ ও ছাত্রসমাজের সেবা করাই তাদের প্রধান লক্ষ্য। পদবঞ্চিতদের বিষয়ে নবগঠিত কমিটির নেতারা জানান, তারা ইতিমধ্যে পদবঞ্চিতদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। তাদের অভিমান নিরসনের জন্য কাজ চলছে। অচিরেই সংগঠনের ঐক্য আরো দৃঢ় হবে বলে তারা আশাবাদী।
এ সময় জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ছাত্রদল সুদৃঢ়ভাবে ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশ ও ইতিহাসের দায়কে মাথায় নিয়ে সামনে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক। জবি শাখা ছাত্রদল একটি বৃহৎ ছাত্র সংগঠন। এখানে নেতৃত্বে আসতে ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করা হয়। কেন্দ্রীয় ছাত্রদল গত কমিটির ২৮৬ জনের মধ্যে ২৭ জনের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এখানে যারা বাদ পড়েছেন, তাদের অভিমান স্বাভাবিক। আমি তাদের এ অভিমানকে স্বাগত জানাই।
তিনি আরো বলেন, ‘আমরা ইতিমধ্যে সিনিয়রদের সঙ্গে একাধিকবার বসেছি। যারা বাদ পড়েছেন, তাদের ক্ষোভ নিরসনে কাজ করছি। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করাই আমাদের অঙ্গীকার।’
এ সময় সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময়ই দেশের ক্রান্তিকালে জনগণের পাশে থেকেছে। আমি নবগঠিত কমিটির উদ্দেশে বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল যেন সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ সমুন্নত রাখে।’
এ সময় জবি ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম ছাত্রদলের নেতাকর্মীদের সাহসিকতা, একাগ্রতা এবং আন্দোলনের প্রতি তাদের অটুট বিশ্বাসের জন্য প্রশংসা জানিয়ে ভবিষ্যতেও যেকোনো সংগ্রামে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময়সভায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিয়াউদ্দিন বাসেত, শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইব্রাহিম কবির মিঠু, নতুন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, মো. শাহরিয়ার হোসেন, মো. মাহমুদুল হাসান খান মাহমুদ, কাজী রফিকুল ইসলাম, নাহিয়ান বিন অনিক, জাহিদুল ইসলাম জাহিদ, মেহেদি হাসান রুদ্র, মো. মোজাম্মেল মামুন ডেনি, হাসিবুল ইসলাম হাসিব এবং কমিটির সদস্য রিয়াসাল রাকিব, মুবাইদুর রহমান, এম তানভির রহমান, মাহিদ খান, ইমরান হাসান ইমন প্রমুখ বক্তব্য দেন।
এর আগে, গত ২৪ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত