
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৯:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৬, ১২:০২ পি.এম
সরকারি গাছ সরানোর অভিযোগ,আলোচনায় প্রেসক্লাব সভাপতি

মহম্মদপুর(মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বন বিভাগের সংরক্ষিত বেশ কয়েকটি গাছের গুঁড়ি সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুলের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বন বিভাগের তত্ত্বাবধানে থাকা প্রায় ১০ থেকে ১২টি গাছের লগ, যার আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা, কোনো আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই একটি নসিমনযোগে ধোয়াইল বাজারে চেরাইয়ের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহনুর জামান এবং বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে গাছের গুঁড়িগুলো উদ্ধার করেন।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও উপজেলা পরিষদের একটি লোহার গেট সরিয়ে নেওয়ার ঘটনায় আজিজুর রহমান টুটুলের সম্পৃক্ততার কথা শোনা যায়। একটি ভিডিওতে ওই গেটটি তাঁর বাড়ির পাশেই পড়ে থাকতে দেখা গিয়েছিল বলে স্থানীয়রা দাবি করেন। এ ছাড়া স্থানীয় কিছু ইটভাটা মালিকের কাছ থেকে পরিবেশ অধিদপ্তরের নাম ব্যবহার করে অর্থ ও ইট আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
তবে অভিযোগ অস্বীকার করে আজিজুর রহমান টুটুল বলেন, গাছের গুঁড়ি নেওয়ার বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অনুমতি চেয়েছিলেন।
এ বিষয়ে মহম্মদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান পলাশ বলেন, কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার দায় সংগঠন বহন করবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহনুর জামান বলেন, “বিষয়টি প্রশাসনের নজরে আসার পর অভিযান চালিয়ে সরকারি সম্পদ উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এছাড়া জানা গেছে, আজিজুর রহমান টুটুল নিজেকে ঢাকার একটি দৈনিক পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ওই পত্রিকার সম্পাদককে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে শোনা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নথিপত্র পাওয়া যায়নি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত