# সরকারি শেড ঘরে রাতারাতি ঝুললো বিএনপির সাইনবোর্ড

- Link: https://nagorikbhabna.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%a1-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9d/
- Published: 2026-11-25T16:29:41+06:00
- Author: Sankar Roy

**জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম):**    কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারি শেড ঘর দখলমুক্ত
করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দেওয়া ১৫ দিনের সময়সীমাও পার হয়েছে। কিন্তু
উদ্ধার হয়নি সরকারি সম্পত্তি। বরং দখল হওয়া সেই শেড ঘরেই রাতারাতি টাঙানো হয়েছে ‘খোলারহাট
বিএনপি শাখা’ নামে কার্যালয়ের সাইনবোর্ড। অথচ বিএনপির স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাদের
দাবি, এ নামে তাঁদের দলের কোনো শাখা নেই।

ফুলবাড়ী উপজেলার খোলারহাট বাজারে সাধারণ ব্যবসায়ীদের ব্যবহারের জন্য ২০১৮-১৯ অর্থবছরে
স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় শেড ঘরটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন
ধরে ব্যবসায়ীরা সেটি ব্যবহার করে আসছিলেন। অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর কয়েকজন 
ব্যক্তি সরকারি শেডটি দখলে নেন। পরে ভূমি অফিসের সীমানাসংলগ্ন ওই স্থাপনায় নিজেদের 
নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন তাঁরা।

স্থানীয়দের অভিযোগ, ভূমি কর্মকর্তা সাদিকুর রহমানের যোগসাজশ ও পরামর্শে সরকারি স্থাপনাটি
দখলের সুযোগ তৈরি হয়। এমনকি প্রশাসনের বাধা এড়াতে ক্লাবঘরের পরিবর্তে বিএনপির নাম ব্যবহার
করে সাইনবোর্ড টাঙানোর পরামর্শ দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় অর্থ লেনদেনের 
অভিযোগও তুলেছেন স্থানীয়রা।

বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করেন। সংশ্লিষ্টদের
১৫ দিনের মধ্যে শেড ঘরটি দখলমুক্ত করার নির্দেশ দেন তিনি। কিন্তু সময়সীমা পার হলেও 
কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। এরই মধ্যে সরকারি স্থাপনাটিতে বিএনপির শাখা কার্যালয়ের
সাইনবোর্ড দেখা যায়।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার লাল বলেন, ‘খোলারহাট
শাখা নামে আমাদের কোনো শাখা নেই। এ বিষয়ে আমি কিছুই জানি না। এটি আমাদের দলের সঙ্গে
সম্পৃক্ত নয়।’

ইউনিয়ন বিএনপির সভাপতি রাসেল  সরকার প্রিন্সের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও
তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু বলেন, ‘আমাদের ফুলবাড়ী উপজেলায় এখনো কোনো
কমিটি দেওয়া হয়নি। খোলারহাট শাখা নামেও কোনো শাখা নেই।’

অন্যদিকে ভূমি কর্মকর্তা সাদিকুর রহমান তাঁর বিরুদ্ধে ওঠা যোগসাজশ, পরামর্শ ও অর্থ 
লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন। তবে সরকারি শেড ঘরটি দখল হওয়ার বিষয়টি স্বীকার করে
তিনি বলেন, ‘ঘরটি দখল হয়েছে, এটা সত্য। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি জায়গা কোনো ব্যক্তি বা মহলের অবৈধভাবে দখল
করার সুযোগ নেই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, তাঁদের ব্যবহারের জন্য সরকারি অর্থে নির্মিত শেড ঘরটি এখন
দখল ও রাজনৈতিক পরিচয় ব্যবহারের বিতর্কে জড়িয়ে পড়েছে। দ্রুত এটি উদ্ধার করে সাধারণ 
ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।
