
নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, গালিগালাজ এবং গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)। একই সঙ্গে সংগঠনটি ৭২ ঘণ্টার মধ্যে ওসিকে অপসারণের দাবি জানিয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার বিষয়ে তথ্য সংগ্রহ করতে কিশোরগঞ্জ থানায় যান দৈনিক কালবেলার রংপুর প্রতিনিধি রেজওয়ান কবির রনি এবং দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জহির রায়হান। তথ্য সংগ্রহের সময় থানায় ওসি আশরাফুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং গালিগালাজের পাশাপাশি তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার প্রতিবাদে বুধবার (৩১ জুলাই) দুপুরে এক বিবৃতিতে রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, “এ ধরনের পুলিশি আচরণ সাংবাদিকতার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ৭২ ঘণ্টার মধ্যে ওই ওসিকে অপসারণের দাবি জানাচ্ছি।”
তারা আরও বলেন, “যদি সময়সীমার মধ্যে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত