
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নে এনটিভি অনলাইনের প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়নের মহিলা সদস্য নুরবানুকে পুলিশ গ্রেফতার করেছে। অপর ইউপি সদস্য আনোয়ার হোসেন এখনও পলাতক রয়েছেন।
ঘটনার সূত্রপাত ঘটে মনোয়ার হোসেনের “মহিলা মেম্বারের প্রেমে মজেছেন পুরুষ মেম্বার” শিরোনামের সংবাদ প্রকাশের পর থেকে ইউনিয়নের দুই জনপ্রতিনিধি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আয়মারসুলপুর ভূমি অফিস চত্বরে পরিকল্পিতভাবে সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর হামলা চালান নুরবানু ও আনোয়ার হোসেন। এ সময় তারা গালিগালাজ করতে করতে তাকে মারধর করেন।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোরসালিন জানান, দুপুরের দিকে ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই মেম্বার মনোয়ারকে দেখে ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন। এরপর গালিগালাজ করতে করতে হামলা চালান।
হামলার শিকার মনোয়ার হোসেন বলেন, “সংবাদ প্রকাশ করায় আমাকে লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছে, তা গণমাধ্যমের প্রতি সরাসরি হুমকি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”
স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “একজন সংবাদকর্মীর ওপর প্রকাশ্যে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত এবং আইনের প্রতি চরম অবজ্ঞা।”
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমায়েদুল জাহেদী বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত