গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং গ্রেপ্তারকৃত আসামীদের ফাঁসির দাবিতে উপজেলা প্রেসক্লাব, নাগেশ্বরীর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
মঙ্গলবার ১২ আগস্ট, দুপুর ২ টায় উপজেলা প্রেসক্লাব, নাগেশ্বরী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি শহিদুল ইসলাম (শাহীন শহীদ), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনজু সহ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা ও পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, সাংবাদিক ও বাংলাদেশ জামায়াত ইসলামী নাগেশ্বরী পৌর আমীর মকবুল হোসেন, কালবেলার সাংবাদিক ও উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর উপদেষ্টা ইন্জিনিয়ার আবদুল মোমেন, বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের খলিলুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তব্যে উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহীন শহীদ বলেন, “সাংবাদিক তুহিন হত্যার মাধ্যমে মুক্ত সাংবাদিকতার কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
রফিকুল ইসলাম রনজু বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।”
বক্তব্যে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক - অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের হত্যা মানে গণতন্ত্রকে হত্যা করা। আমরা চাই এই মামলার বিচার দ্রুত সম্পন্ন হোক এবং অপরাধীদের ফাঁসি কার্যকর করা হোক।”
নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক বলেন, “গণমাধ্যমকর্মীরা দেশের উন্নয়ন ও সত্য প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের সুরক্ষা নিশ্চিত না হলে দেশের উন্নয়ন ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।”
বক্তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগ ও সাংবাদিক সুরক্ষা নীতি বাস্তবায়ন এখন সময়ের দাবি। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।