
প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ৭:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৬, ৫:০৯ পি.এম
সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলাবিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন

অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে জামালপুর জেলা শহরের প্রাণকেন্দ্র দয়াময়ী মোড়ে অবস্থিত সুপ্রাচীন ও অন্যতম ঐতিহ্যবাহী নারী শিক্ষা বিস্তারের মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলাবিশিষ্ট একাডেমিক ভবন-২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ভবনটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, জামালপুর সদর আসনের সাংসদ এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী।
১৯০১ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পায় ১৯৬৫ সালের ১ জানুয়ারি। নবনির্মিত একাডেমিক একাডেমিক ভবনটির কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মির্জা কনস্ট্রাকশন, জামালপুর নির্মাণ কাজ শুরু করে ২০২৪ সালের ৪ জানুয়ারি। ভবনটি নির্মাণের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৪ কোটি ১৪ লাখ ৩২ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জামালপুর শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, প্রধান শিক্ষক আব্দুর রউফ আকন্দ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক আলতাফুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহমেদ লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান সরোয়ার মঞ্জু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও জেলা যুবদলের সদস্য শফিউল্লাহ আকন্দ রাজু, জেলা যুবদলের সদস্য রেজোয়ান অপু, মোস্তাফিদুল হাসান রিপন, স্বপন সরকার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জামালপুর সদরের উপ-সহকারী প্রকৌশলীমোঃ ফিরোজ ইকবাল জায়গীরদারসহ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, শুধু আধুনিক একাডেমিক ভবন নির্মাণ করলেই হবে না, শিক্ষার মানেরও উন্নতি করতে হবে। এজন্য তোমাদের ঠিকমতো লেখাপড়া করতে হবে এবং বড় হয়ে দেশের হাল ধরতে হবে। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গনে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত