প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৭:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৪:৫০ পি.এম
সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলা: প্রধান আসামিকে গ্রেপ্তার করল র্যাব

মোঃমনিরুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে মাত্র ১ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর যুবক হত্যা মামলার পলাতক প্রধান আসামি মো. শাহীন মোল্লা (২৪) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৫ জুলাই) রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আমবাগান ইউটার্ন এলাকা থেকে র্যাব-১২ ও র্যাব-১-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার শাহীন মোল্লা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ী গ্রামের সাইফুল ইসলাম মোল্লার ছেলে।২৬ জুলাই রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো র্যাব-১২, সদর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে জানায়, ২০২৫ সালের ২৫ নভেম্বর বেলকুচি উপজেলার তামাই এলাকায় মাত্র ১ হাজার টাকা ধার দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে শাহীন মোল্লা ও তার সহযোগীদের সঙ্গে শুভ নামের এক যুবকের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে শুভকে তামাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডেকে নিয়ে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় শুভকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ২০২৫ সালের ২৭ নভেম্বর বেলকুচি থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৪) দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই প্রধান আসামি শাহীন মোল্লা আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, র্যাব-১২-এর অধিনায়কের সার্বিক দিকনির্দেশনা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গোয়েন্দা নজরদারি চালিয়ে শনিবার রাত প্রায় ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA