মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ :
‘পল্লীবন্ধু অমর হোক, জাতীয় পার্টি জিন্দাবাদ’—এ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌর শহরের কুটুমবাড়ি কটেজ অ্যান্ড রেস্টুরেন্টে জাতীয় পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে উপজেলা দিবসের তাৎপর্য, উপজেলা প্রতিষ্ঠায় জাতীয় পার্টির ভূমিকা এবং সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের অবদান নিয়ে আলোচনা করেন নেতারা।
জাতীয় পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আলহাজ মোঃ ফজলুল হক ডনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, জেলা শ্রমিক দলের সদস্যসচিব মোঃ রেজাউল করিম রাজু, জেলা কৃষক পার্টির আহ্বায়ক শেখ ওমর হাসান কবির, এনায়েতপুর থানা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কালা এবং জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ আলমগীর হোসেন আলম।
এ ছাড়া বক্তব্য দেন এনায়েতপুর থানা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মতিন মেম্বার, কাজিপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ ফরিদ হোসেন মেম্বার, বেলকুচি উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আলী আকবর হীরা, কাজিপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম এবং শহর শাখার সাবেক সভাপতি মোঃ দুলাল হোসেন।
বক্তারা বলেন, উপজেলা ব্যবস্থা দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে উপজেলা ব্যবস্থা প্রবর্তনের বিষয়টি তুলে ধরে তাঁরা বলেন, তৃণমূল পর্যায়ে প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগের গুরুত্ব রয়েছে।
তাঁরা উপজেলা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মোঃ আব্দুল জলিল। আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA