

মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ- ৩ আসন থেকে দুই বারের নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ডা. মো.আব্দুল আজিজ কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। এ সময় তিনি ঢাকার কাঁঠাল বাগান এলাকার পদ্মা জেনারেল হাসপাতালে তার চেম্বারে রোগী দেখছিলেন।
সোমবার ( ৩ ফেব্রুয়ারী) রাত ১১ টায় প্রথমে পদ্মা জেনারেল হাসপাতাল ঘিরে ফেলে একদল সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ১০ মিনিটের মধ্যে র্যাবের পোশাক পরিহিত কয়েকজন তাকে আটক করে নিয়ে যায়।
র্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ শিশু সার্জন হিসেবে ঢাকা শিশু হাসপাতালে কর্মজীবন শুরু করেন। পরে তিনি অধ্যাপক পদে উন্নীত হোন। ২০১৮ সালে তিনি শিশু হাসপাতালে পরিচালক পদে নিয়োগ পান এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতৃত্ব দেন। পাশাপাশি সে সময়ের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের অটিজম বোর্ডের একজন মেম্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনের (তাড়াশ-রায়গঞ্জ) সংসদ সদস্য পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে বিজয়ী হোন।
ওই নির্বাচনে প্রচারণা চালানোর সময় বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা চালানো হয়।এ ঘটনায় বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মদদদাতা হিসেবে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. মো.আব্দুল আজিজ কে দায়ী করা হয়। পরবর্তীতে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এ আসন থেকে এমপি নির্বাচিত হোন।
গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর, ২০১৮ সালের বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলার ঘটনায়, তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে হত্যা চেষ্টা ও বিষ্ফোরক আইনে সাবেক এমপি অধ্যাপক ডা. মো.আজিজসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর থেকে সাবেক এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ আত্মগোপনে চলে যান।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত