প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ১১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ৩:২৩ পি.এম
সীমান্তে কর্মসংস্থান সৃষ্টিতে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

রায়হান আলী, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে ৬ সপ্তাহব্যাপী "মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ" শুরু করেছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। এতে মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন বেকার তরুণ অংশ নিচ্ছে। প্রশিক্ষণ শেষে তারা মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যার মেরামতের ওপর দক্ষ হয়ে নিজ এলাকাতেই আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে।
৫৩ বিজিবি জানায়, সীমান্ত এলাকার যুবকরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে দক্ষ মানবসম্পদে পরিণত হয়, সে লক্ষ্যেই এই জনকল্যাণমূলক কার্যক্রম। এর ফলে সীমান্ত এলাকায় বেকারত্ব কমার পাশাপাশি একটি নিরাপদ ও স্বাবলম্বী সমাজ গড়ে উঠবে।
উল্লেখ্য, এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩৫ জন যুবককে ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে ৫৩ ব্যাটালিয়নটি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি সদস্যরা।
বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA