
আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন তথ্যের ভিত্তিতে আজ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, মনোহরপুর বিওপি’র আওতায় শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। এছাড়া চরবাগডাংগা বিওপি’র আওতায় সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের রানীনগর গ্রাম থেকে ২টি এবং বাখেরআলী বিওপি’র আওতায় সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের মুন্নাপাড়া গ্রামের পদ্মা নদীর চর এলাকা থেকে আরও ৫টি গরু জব্দ করা হয়।
জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৯ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত সিরাপ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত