অপু দাস, রাজশাহী: রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-এর ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার, রাজশাহী সেনানিবাস ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাজহার আল কবির, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রবিবার (১২ জুলাই) সকাল ১০টায় রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের দপ্তরে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাজহার আল কবিরের আমন্ত্রণে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রাজশাহী মহানগরের উন্নয়ন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন।
আলোচনায় নগর উন্নয়নের বিভিন্ন সম্ভাবনা, সেবার মানোন্নয়ন, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সেনাবাহিনী ও রাজশাহী সিটি করপোরেশনের মধ্যে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ বজায় রেখে রাজশাহীর সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবার মান বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনস্বার্থে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও মতৈক্যে পৌঁছান।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে রাজশাহী সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
সংশ্লিষ্টদের মতে, এ সৌজন্য সাক্ষাৎ রাজশাহী সেনানিবাস এবং রাজশাহী সিটি করপোরেশনের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে উন্নয়ন, জনসেবা ও নাগরিক কল্যাণমূলক কার্যক্রমে ভবিষ্যতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।