
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৫:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ৬:৪৮ পি.এম
সোনাতলায় জামায়াতের স্মরণকালের সবচেয়ে বড় নির্বাচনী জনসভা
![]()
হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া): বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোনাতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্মরণকালের সবচেয়ে বড় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সোনাতলা শহীদ সৈকত চত্বরে আয়োজিত এই জনসভায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। জনসভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা পৌরসভা শাখা।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন। তিনি বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে জনগণের ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্ধারিত হবে। জনগণ ভোট দিলে আর কোনো প্রধানমন্ত্রীর ছেলে বা আত্মীয় শুধুমাত্র পারিবারিক পরিচয়ের কারণে প্রধানমন্ত্রী হতে পারবে না, এমনকি দলীয় প্রধান হয়েও জনগণের রায় ছাড়া ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকবে না। তিনি বলেন, ভোটই হবে রাষ্ট্র পরিচালনার একমাত্র বৈধ ও গ্রহণযোগ্য মাধ্যম।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। এই অধিকার ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নিতে হবে এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে ন্যায়বিচার ও সুশাসনের পক্ষে অবস্থান নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান, কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া জেলা এবং সহকারী অধ্যাপক ফজলুল করীম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সোনাতলা উপজেলা। তাঁরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা, সোনাতলা উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। দিঘলকান্দি গ্রামের শহীদ আব্দুল আহাদ সৈকতের পিতা নজরুল ইসলাম সভায় উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা পৌরসভা শাখার আমীর জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বক্তারা এলাকার বিভিন্ন স্থানীয় সমস্যা তুলে ধরেন এবং শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। বক্তারা বলেন, সাধারণ মানুষ যদি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তবে বগুড়া-১ আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিজয় নিশ্চিত হবে।
জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল সোনাতলা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত