
সোনাতলা (বগুড়া):
বগুড়ার সোনাতলা পৌর এলাকার প্রতিটি পূজা মণ্ডপে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুর পক্ষ থেকে পূজা উদযাপন উপলক্ষে সৌজন্য পরিদর্শন করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন মণ্ডপে গিয়ে তার প্রতিনিধি দল পূজার পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখে স্থানীয় জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় অর্ধশতাধিক মোটরসাইকেল র্যালি নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন, যা পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। মণ্ডপ পরিদর্শনকালে পূজা যেন শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।
সৌজন্য পরিদর্শনে উপস্থিত ছিলেন সোনাতলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, সাবেক কাউন্সিলর জাফর ইকবাল চপল, শাহনেওয়াজ সবুজ, সাহেদ রানা সহ পৌর এলাকার শতাধিক কর্মী ও সমর্থক।
স্থানীয়রা জানান, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু শুধু পৌরসভার দায়িত্বকালেই নয়, বরং এখনো প্রতিটি সামাজিক, ধর্মীয় ও মানবিক কাজে সক্রিয় ভূমিকা পালন করেন। তার পক্ষ থেকে পূজা মণ্ডপে প্রতিনিধি পাঠানো এরই ধারাবাহিকতা।
সাবেক মেয়র নান্নু এক প্রতিক্রিয়ায় বলেন, “সোনাতলার মানুষ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও আমার পক্ষ থেকে নেতাকর্মীরা পূজা মণ্ডপ পরিদর্শন করেছে—এটাই প্রমাণ করে, ধর্ম যার যার হলেও উৎসব সবার।”
নেতাকর্মীদের ভাষ্যে, জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু সোনাতলার রাজনীতি ও সমাজ উন্নয়নের অন্যতম আলোকবর্তিকা। তার এই উদ্যোগে পূজা উদযাপন আরও আনন্দঘন ও সম্প্রীতিমূলক হয়ে উঠেছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত