
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৯:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৬:৩১ পি.এম
স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের প্রায় ৫ লক্ষ মানুষের জরুরি স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা মাত্র একটি অ্যাম্বুলেন্স ও একজন চালক। বিপুল জনগোষ্ঠীর তুলনায় এই সীমিত ব্যবস্থা চরমভাবে অপ্রতুল হওয়ায় জরুরি মুহূর্তে প্রতিনিয়ত সেবা ব্যাহত হচ্ছে। এতে মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন অসংখ্য রোগী।
সরেজমিনে গত সোমবার (১২ জানুয়ারি) উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, একই সময়ে একাধিক গুরুতর রোগী অ্যাম্বুলেন্সের অপেক্ষায় থাকলেও যানবাহন ও জনবলের সংকটের কারণে সময়মতো সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে দুর্ঘটনায় আহত ব্যক্তি, প্রসূতি নারী ও আশঙ্কাজনক অবস্থার রোগীদের ক্ষেত্রে এই বিলম্ব অনেক সময় জীবননাশের আশঙ্কা তৈরি করছে।
ভুক্তভোগী সেবাপ্রার্থী নূর মোহাম্মদ রোকন বলেন,
“জরুরি মুহূর্তে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের চালককে ফোন করি। কিন্তু তিনি জানান, তিনি তখন প্রশিক্ষণে রয়েছেন। বাধ্য হয়ে রোগীর অবস্থা ঝুঁকিপূর্ণ থাকা সত্ত্বেও অন্যভাবে হাসপাতালে নিতে হয়। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।”
এ বিষয়ে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মেহেরুল ইসলাম বলেন,
“জনবল সংকটের কারণে একজন চালকই ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছেন। এতে কিছুটা ভোগান্তি হচ্ছে। আজ চালকটি কুড়িগ্রামে থাকায় জরুরি কল থাকা সত্ত্বেও একজন সেবাপ্রার্থী অ্যাম্বুলেন্স সুবিধা পাননি।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের মন্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।
স্থানীয়দের অভিযোগ, রাত কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অ্যাম্বুলেন্স পাওয়া আরও কঠিন হয়ে পড়ে। একজন চালক একটানা দায়িত্ব পালন করায় শারীরিক ক্লান্তি ও পর্যাপ্ত বিশ্রামের অভাবে সেবার মানও ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, জনবহুল উলিপুর উপজেলায় কার্যকর জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত আরও একাধিক অ্যাম্বুলেন্স ও প্রশিক্ষিত চালক নিয়োগ দেওয়া জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সময়োপযোগী ও কার্যকর উদ্যোগই পারে সাধারণ মানুষের জীবনরক্ষা নিশ্চিত করে স্বাস্থ্যসেবায় স্বস্তি ফিরিয়ে আনতে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত