আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনা মধ্যকান্দি সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসার দরজার তালা ভেঙে নগদ টাকা ও মোবাইল চুরির ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে চুরির ১ লাখ ৩৮ হাজার ৮০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম জুয়েল মিয়া ওরফে সোহেল (২৮)। তিনি নরসিংদী জেলার শিবপুর থানার শানখোলা গ্রামের জালাল উদ্দিন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে যেকোনো সময় ওই মাদ্রাসার দরজার তালা ভেঙে চোরেরা ভেতরে ঢোকে। পরে আলমারি ভেঙে নগদ ২ লাখ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
অভিযোগের ভিত্তিতে গতকাল ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে আটটায় হোমনা থানার ওপারচর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মশিউর রহমান লিটনের ভাড়া বাসা থেকে আসামি জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে চুরি হওয়া ১ লাখ ৩৮ হাজার ৮০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, অভিযোগ পাওয়ার পরই দ্রুত অভিযান চালিয়ে আসামিকে উদ্ধারকৃত টাকা ও মোবাইলসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA