
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৪:০১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১:৪৫ পি.এম
হোমনার কৃতি সন্তান মাইন উদ্দিন ব্রিটেনে কাউন্সিলর প্রার্থী

কুমিল্লার হোমনা উপজেলার কৃতি সন্তান দুলালপুর ইউনিয়নের মিঠাইভাঙ্গা গ্রামের সমাজ সেবক, প্রজ্ঞা ও অভিজ্ঞতার মূর্ত প্রতীক হাজী আলী আকবর মেম্বারের
গর্বিত সন্তান মাইন উদ্দিন যুক্তরাজ্যের (ব্রিটেন)স্থানীয় সরকার ব্যবস্থায় কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হয়েছেন । নির্বাচনে তিনি সাউথহলের Dormers Wells ওয়ার্ড থেকে প্রভাবশালী Conservative Party-এর মনোনয়ন নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনেকে ঘিরে চলছে ব্যাপক রাজনৈতিক আলোচনা । এই প্রেক্ষাপটে পশ্চিম লন্ডনের Ealing কাউন্সিল নির্বাচনে অংশ নিয়ে নতুন আলোচনায় এসেছেন বাংলাদেশের সন্তান মাইন উদ্দিন। আগামী ৭ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে তিনি ২০২২ সালে প্রথমবার কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিলেন এর মাধ্যমে মাইন উদ্দিনের মূল ধারার রাজনীতি শুরু হয়।
জানা গেছে, মাইন উদ্দিন ২০১২ সালে জীবিকার সন্ধানে যুক্তরাজ্যে পাড়ি জমিয়ে ধীরে ধীরে ব্যবসা ও কমিউনিটি নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি কুমিল্লা ইউনাইটেড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, লন্ডনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছেন।
যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন সাধারণত নাগরিক সেবা, নগর ব্যবস্থাপনা ও কমিউনিটি উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়, যেখানে কাউন্সিলররা সরাসরি জনগণের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখেন।
রাজনৈতিকভাবে তিনি সাউথহলের Dormers Wells ওয়ার্ডে কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্রিটিশ রাজনীতিতে কনজারভেটিভ পার্টি ঐতিহ্যগতভাবে কেন্দ্র-ডানপন্থী নীতি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আইন-শৃঙ্খলার ওপর জোর দিয়ে থাকে—যা স্থানীয় নির্বাচনেও প্রতিফলিত হয়।
আগামী ৭ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন Labour Party, Green Partyসহ অন্যান্য দলের প্রার্থীরা। উল্লেখ্য, ইলিং কাউন্সিল ঐতিহাসিকভাবে লেবার পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, ফলে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ।
মাইন উদ্দিন তার নির্বাচনী প্রতিশ্রুতিতে স্থানীয় সমস্যা সমাধানে গুরুত্ব দিয়েছেন। তিনি জানান, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা, অবৈধভাবে ময়লা ফেলা বন্ধ করা এবং সার্বিক নিরাপত্তা জোরদার করা হবে তার অগ্রাধিকার। এছাড়া সাধারণ মানুষের সুবিধার্থে প্রথম গাড়ির পার্কিং পারমিট বিনামূল্যে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তিনি স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দিয়েছেন। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরাসরি বাসিন্দাদের মতামত নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি একটি জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার গড়ার অঙ্গীকার করেছেন।
প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ব্রিটিশ রাজনীতিতে যে নতুন ধারা তৈরি হচ্ছে, মাইন উদ্দিনের প্রার্থীতা তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত । তিনি বাংলাদেশসহ যুক্তরাজ্যের লন্ডন প্রবাসী সকলের নিকট দোয়া ও ভোট চেয়েছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত