
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ৪:০৯ পি.এম
২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পাঠ্যবই স্কুল পর্যায়ে সরবরাহ শুরু

রাজশাহীতে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক স্তরের পাঠ্যবই উপজেলা শিক্ষা অফিস থেকে স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু হয়েছে। বুধবার গোদাগাড়ীসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পাঠ্যবই সংগ্রহ করে নিয়ে যান।
উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, প্রথম ধাপে ষষ্ঠ শ্রেণীর সব বই এবং নবম শ্রেণীর কিছু পাঠ্যবই সরবরাহ করা হয়েছে। তবে সপ্তম ও অষ্টম শ্রেণীর বই এখনো উপজেলা পর্যায়ে না পৌঁছানোয় ওই শ্রেণীর বই বিতরণ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। শিক্ষা অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে অবশিষ্ট বইগুলো উপজেলা শিক্ষা অফিসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বই হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তা স্কুলগুলোতে বিতরণ করা হবে।
বই সংগ্রহে আসা শিক্ষকরা জানান, গত শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা নতুন বছরের তিন থেকে চার মাস পর সম্পূর্ণ পাঠ্যবই হাতে পেয়েছিল। এতে পাঠদান কার্যক্রমে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটে। চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা বছরের শুরুতেই সব বই হাতে পাবে—এমন প্রত্যাশা করছেন তারা।
জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের শুরুতেই পাঠ্যবই দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বই উৎসবের মাধ্যমে বিতরণ করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা পাওয়া যায়নি।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠ্যবইয়ের মোট চাহিদা প্রায় ২২ লাখ ৭ হাজার কপি। প্রথম ধাপে সেই চাহিদার অংশবিশেষ সরবরাহ শুরু হয়েছে। শিক্ষা বিভাগ আশা করছে, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীরা প্রয়োজনীয় সব পাঠ্যবই হাতে পাবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত