প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৫:৫১ পি.এম
৭ দফা দাবিতে লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সমাবেশ

জিল্লুর রহমান, লালমনিরহাট: রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়ন হোক, তবে এর নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না-এমন দাবি জানিয়ে দলিলপ্রতি ৫ হাজার টাকা সম্মানি ভাতাসহ সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস), লালমনিরহাট জেলা শাখার সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় লালমনিরহাট রেলওয়ে মুক্তমঞ্চ মাঠে দলিল লেখক সমিতি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে ৭ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে লালমনিরহাট সদর দলিল লেখক সমিতির সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ এস.এম শফিকুল ইসলাম লিখনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব ও লালমনিরহাট জেলা ও সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব ও জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, জেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি আশরাফুল আলম, জেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি ও তুষভান্ডার দলিল লেখক সমিতির সভাপতি এ.টি.এম মুসা শামীম ও জেলা দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাতীবান্ধা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম।
সমাবেশে প্রধান অতিথি আবু বকর সিদ্দিক বলেন, প্রায় দুই শতাধিক বছর ধরে দলিল লেখকরা দেশের মানুষের সম্পত্তি-সংক্রান্ত নিবন্ধন সেবার সঙ্গে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। এ পেশার সঙ্গে যুক্তরা সাধারণ মানুষকে নিবন্ধন-সংক্রান্ত সেবা দেওয়ার পাশাপাশি সরকারকে বিপুল রাজস্ব আদায়েও সহযোগিতা করে আসছেন।
তিনি বলেন, রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করার কোনো উদ্যোগ মেনে নেওয়া হবে না। অভিজ্ঞ ও লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখকদের বাদ দিয়ে অন্যদের মাধ্যমে দলিলের মুসাবিদা ও রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হলে সাধারণ মানুষও ঝুঁকিতে পড়তে পারেন। তাই এ বিষয়ে সরকারকে সুস্পষ্ট নীতিমালা গ্রহণের আহ্বান জানান তিনি।
যুগ্ম মহাসচিব হামিদুর রহমান বলেন, দলিল লেখকদের সাত দফা দাবি দীর্ঘদিনের। দাবি আদায়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে সভা-সমাবেশসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এরপরও দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় দলিল লেখকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
তিনি বলেন, দ্রুত দলিলপ্রতি ৫ হাজার টাকা সম্মানি ভাতা বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের সময় পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল প্রস্তুত করার কারণে দলিল লেখকদের আসামি করা বন্ধ করতে হবে। পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে দলিল লেখক কাউন্সিল গঠনেরও দাবি জানান তিনি।
দলিল লেখকদের নেতারা বলেন, দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। একই সঙ্গে দলিল লেখকদের পেশার মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সরকার দ্রুত কার্যকর উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন তারা।
প্রধান কার্যালয়: ৫০/এফ, ইনার সার্কুলার (ভিআইপি) রোড, নয়াপল্টন, পল্টন মডেল থানা, ঢাকা-১০০০।
হটলাইন: 09643-230220, মুঠোফোন: 01915-708187, মেইল: info.nagorikvabna@gmail.com
@Copyright & reserved by NAGORIK BHABNA