
ইউনেস্কোর ২০২৫-২০২৯ মেয়াদের মহাপরিচালক পদের মেক্সিকান প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনা আজ রোববার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত মি. ফেদেরিকো সালাস উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে গাব্রিয়েলা রামোস বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বাংলাদেশ প্রমাণ করেছে যে সহনশীলতা, নীতিগত অঙ্গীকার ও সমতা-ভিত্তিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে কীভাবে বাস্তব পরিবর্তন আনা যায়। ইউনেস্কো বাংলাদেশকে কেবল সদস্যরাষ্ট্র হিসেবে নয়, বরং একটি সম্ভাবনাময় অংশীদার হিসেবেই দেখে।”

তিনি অধ্যাপক ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “এই পরিবর্তনের সময়ে আপনার নেতৃত্ব কেবল বাংলাদেশের জন্য নয়, বরং স্বচ্ছতা ও নীতিনিষ্ঠ শাসনে বিশ্বাসীদের জন্যও আশার প্রতীক।”
প্রধান উপদেষ্টা গাব্রিয়েলা রামোসের সফর ও প্রার্থিতা স্বাগত জানিয়ে বলেন, “আমরা একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি। ঝুঁকি রয়েছে, কিন্তু আমরা জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা ও সেবামুখী প্রতিষ্ঠান গঠনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”
অধ্যাপক ইউনুস সম্প্রতি অনুষ্ঠিত বিডা ইনভেস্টমেন্ট সামিটের প্রসঙ্গ টেনে বলেন, “এটি কেবল একটি সম্মেলন ছিল না, বরং এটি ছিল একটি বার্তা—বাংলাদেশ উন্মুক্ত, সংস্কারমুখী এবং দায়িত্বশীল প্রবৃদ্ধির প্রতি প্রতিশ্রুতিশীল।”

সাক্ষাতে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা নিয়ে ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত