
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৬:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৫, ৬:২৫ পি.এম
কুষ্টিয়ায় পরীক্ষাকেন্দ্রে বিভ্রান্তি, সমালোচনার ঝড়

পরীক্ষার দিনে পরীক্ষার অন্যতম আবশ্যিক উপকরণ—প্রবেশপত্র, কলম, স্কেল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর—সবকিছুই নিষিদ্ধ! এমন চমকে দেওয়ার মতো এক নোটিশ টাঙানো হয় কুষ্টিয়ার ইসলামিয়া কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে শিক্ষার্থী ও অভিভাবকদের চোখে পড়ার পরপরই নোটিশটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। মুহূর্তেই তৈরি হয় তীব্র সমালোচনা, উদ্বেগ এবং বিভ্রান্তি।
নোটিশে বলা হয়, ‘প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ নিষেধ।’
শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই বলেন, পরীক্ষায় অংশ নিতে হলে এই উপকরণগুলো অপরিহার্য। অথচ এসবকেই নিষিদ্ধ ঘোষণা করা একেবারেই দায়িত্বহীনতা। এক পরীক্ষার্থী জানান, “ভেবেছিলাম কোনো পরিবর্তন এসেছে, ভয়ে হাত-পা কেঁপে গিয়েছিল।”
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনে এমন একটা উদ্ভট ও বিভ্রান্তিকর নোটিশ টাঙানো কেবল অবহেলা নয়, এটা দায়িত্বের চরম ব্যত্যয়। এতে শিক্ষার্থীদের মানসিক চাপে ফেলা হয়েছে।”
এ বিষয়ে ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, “কম্পোজের ভুলে এমনটি হয়েছে। বিষয়টি জানাজানি হতেই নোটিশটি সরিয়ে ফেলা হয়েছে।”
তিনি আরও বলেন, “পরীক্ষায় কী কী আনা যাবে তা বোর্ড নির্ধারণ করে দেয়। আমরা বাড়তি কিছু বলিনি, ওই নোটিশ ভুলবশত কম্পোজ হয়েছে।”
তবে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের অভিমত, এমন ‘কম্পোজ ভুল’ ক্ষমার অযোগ্য। কারণ একটি ভুল নোটিশ যেমন শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হয়।
এদিকে কুষ্টিয়া জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা জানিয়েছে, এবারের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় জেলার ৩৯টি কেন্দ্রে অংশ নিচ্ছেন ২০ হাজার ৪৬৬ জন পরীক্ষার্থী।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত