

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওপর র্যাগিং ও শারীরিক নিপীড়নের অভিযোগ উঠেছে। গত বুধবার (২০২৩-২৪ শিক্ষাবর্ষের) কয়েকজন শিক্ষার্থী এই ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। ঘটনার সত্যতা মেলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
জানা গেছে, ক্লাস শুরুর দিন শ্রেণিকক্ষে প্রবেশ করামাত্র দরজা বন্ধ করে দেন সিনিয়র শিক্ষার্থীরা। এরপর শুরু হয় র্যাগিং— অকথ্য ভাষায় গালাগাল, বেঞ্চের ওপর দাঁড় করিয়ে রাখা এবং পরিচয় জিজ্ঞাসার নামে অপমানজনক আচরণ। ঠিকভাবে পরিচয় দিতে না পারায় এক নবীন শিক্ষার্থীকে চড় মারেন অভিযুক্ত শিক্ষার্থী শয়ন দাস।
এছাড়া, এক শিক্ষার্থীর শার্টের হাতা ভাঁজ করে রাখা নিয়ে প্রশ্ন করে তা টান দিলে তার হাতে থাকা ডায়ালাইসিসের ক্যানেলা ছুটে যায়। পরবর্তীতে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী কিডনি রোগী এবং নিয়মিত ডায়ালাইসিস করতে হয়। ঘটনার সময় অভিযুক্তরা বলেন, “টিচাররাই আমাদের পাঠিয়েছে, আমরা তোদের ম্যানার শেখাতে এসেছি।” এই কথা বলে তারা পুরো ব্যাচকে শাসিয়ে রাখে।
র্যাগিংয়ে অভিযুক্তদের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। পরে বিষয়টি নিয়ে কথা হয় মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগারের সঙ্গে। তিনি বলেন, “র্যাগিংয়ের সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। প্রশাসন ও বিভাগ দ্রুত পদক্ষেপ নেবে।” শিক্ষকদের সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, “আমার বিভাগের শিক্ষকরা ভালো। কেউ জড়িত থাকলে সেটা খুঁজে বের করা হবে এবং প্রকাশ করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, “মার্কেটিং বিভাগ থেকে র্যাগিং এর অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়েছে। তদন্ত না হওয়া পর্যন্ত নবীন শিক্ষার্থীদের শ্রেণিকাজ বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। র্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতিতে অবিচল থাকবে এবং প্রয়োজন হলে অভিযুক্তদের বহিষ্কার করা হবে।”
ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত চলাকালীন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত