
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৮:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৩:০২ পি.এম
ছাত্রলীগকে পুনর্বাসন করতেই ছাত্রদল নেতাকে বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের ব্যর্থতা আড়াল করে তাদের ‘পুনর্বাসনের পথ’ তৈরি করতেই ছাত্রদল নেতা ইমরান হাসান ইমনকে ‘বিচারবহির্ভূত’ভাবে বহিষ্কার করা হয়েছে— এমন অভিযোগ তুলেছে বাংলা বিভাগের শিক্ষার্থীরা। প্রশাসনের এই সিদ্ধান্তকে উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ আখ্যা দিয়ে তারা তা দ্রুত প্রত্যাহারের দাবি জানায়।
বুধবার (১৬ জুলাই) বাংলা বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়। সেখানে বলা হয়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ঘটে যাওয়া বিশৃঙ্খলার ঘটনায় প্রকাশিত ভিডিও ফুটেজে কোথাও ইমনকে মারামারিতে অংশ নিতে দেখা যায়নি। বরং তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। তা সত্ত্বেও তাকে শাস্তির আওতায় আনা প্রমাণ করে যে, এটি কোনো স্বচ্ছ তদন্ত নয়, বরং একটি পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত।
শিক্ষার্থীরা বলেন, “ইমনকে বহিষ্কার করা মানে নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়াকে পাশ কাটিয়ে নিরপরাধ একজন শিক্ষার্থীর উপর অন্যায় চাপিয়ে দেওয়া।” তারা ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, প্রকৃত দোষীদের শাস্তির আওতায় না এনে নির্দোষের উপর শাস্তি চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, “শিক্ষার্থীরা ইমনের বিষয়ে লিখিত দাবি জানিয়েছেন। বিষয়টি তদন্ত কমিটির কাছে পাঠানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবেন।”
এদিকে বাংলা বিভাগের ১৫তম থেকে ২০তম আবর্তনের শিক্ষার্থীরা যৌথ বিবৃতিতে জানান, প্রশাসন যেন রাজনীতির চাপের কাছে মাথা না ঝুকায় এবং ছাত্রদলকে দমন করে ছাত্রলীগকে আবার প্রাধান্যে আনার অপচেষ্টা না করে।
প্রসঙ্গত, গত ১৫ জুলাই ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুই শিক্ষক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের তিন নেতার ওপর হামলার অভিযোগে ইমনসহ ছয়জনের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ইমনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত